রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য আধুনিক ক্রীড়া সুবিধা নিশ্চিত করতে টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুল সংস্কারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এ লক্ষ্যে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ চেয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগ।
গত রবিবার (১৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শরীরচর্চা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম টুকটুকি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে এ প্রস্তাবনা জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক রোকসানা বেগম টুকটুকি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের পরিচালক হিসেবে খেলাধুলার উন্নয়ন এবং ছাত্র-ছাত্রীদের খেলাধুলার সুবিধা নিশ্চিত করতে উন্নত মানের মাঠ তৈরির লক্ষ্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় বাজেট প্রস্তাবনা পেশ করেছি।
তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রাণের চাওয়া ‘টার্ফ মাঠ’ নির্মাণের বিষয়টি বিশেষভাবে উপস্থাপন করা হয়েছে। আশা করি, শিক্ষার্থীদের এই প্রত্যাশা পূরণে আমরা খুব দ্রুত টার্ফ মাঠ নির্মাণে সক্ষম হব।
শরীরচর্চা বিভাগ সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটে তিনটি প্রধান উন্নয়নকাজ অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো— একটি আধুনিক টার্ফ মাঠ নির্মাণ, হবিবুর রহমান সংলগ্ন মাঠের আধুনিকায়ন এবং বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলের সংস্কার ও আধুনিকায়ন।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রস্তাবটি অনুমোদন পেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামোয় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটবে। এতে শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন পরিবেশে নিয়মিত অনুশীলন ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ পাবেন।