কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে বক্সার রাকিব

কমনওয়েলথ গেমসে বক্সিংয়ে বাংলাদেশের হয়ে দারুণ সাফল্য পেয়েছেন রাকিব। আজ রবিবার স্কটল্যান্ডের গ্লাসগোতে পুরুষদের ৫৫ কেজি ব্যান্টামওয়েট বক্সিংয়ে দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে পাপুয়া নিউগিনির মাইকেল ইনোইনোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই বক্সার।

রাকিবের জয়ের পর তাঁকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব জোবায়েদুর রহমান রানা। দলের এই সাফল্যে রাকিবকে অভিনন্দন জানান তিনি এবং পরবর্তী লড়াইয়ে আরও ভালো করার জন্য উৎসাহ দেন।

এদিকে সাঁতারেও বাংলাদেশের দুই প্রতিযোগী নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন। টলক্রস ইন্টারন্যাশনাল সুইমিং সেন্টারে পুরুষদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে বাংলাদেশের সুকুমার রাজবংশী দেখিয়েছেন লড়াকু পারফরম্যান্স। তিনি সময় নিয়েছেন ৩০ দশমিক ৯০ সেকেন্ড। তাঁর আগের সেরা টাইমিং ছিল ২৯ দশমিক ৯২ সেকেন্ড। নিজের হিটে দ্বিতীয় স্থান অর্জন করেন সুকুমার। সব মিলিয়ে ৫৮ প্রতিযোগীর মধ্যে তাঁর অবস্থান ৪৪তম।

নারীদের ১০০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেন সোনিয়া আক্তার। তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৭ দশমিক ৭০ সেকেন্ড। ক্যারিয়ারে তার সেরা টাইমিং ছিল ১ মিনিট ৫ দশমিক ০৫ সেকেন্ড। ইভেন্টে ৭১ প্রতিযোগীর মধ্যে সোনিয়ার অবস্থান ৬১তম।