বাংলাদেশ ব্যাংক

ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ দুই মাসে নিষ্পত্তির নির্দেশ

ব্যাংক ও আর্থিক খাতে কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ নিষ্পত্তিতে নতুন সময়সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে চাকরিবিধি পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠলে তা তদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। ফলে কোনো কর্মীর বিরুদ্ধে আনা অভিযোগ দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখার সুযোগ থাকছে না। 

রবিবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে। 

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মীদের শৃঙ্খলা সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে ২০০৫ সালে জারি করা নির্দেশনায় সংশোধন এনে নতুন এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যাংককর্মীর বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট ব্যাংকের প্রচলিত চাকরিবিধি ও নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগটি দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে।  

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, দীর্ঘদিন ধরে কোনো অভিযোগের তদন্ত বা নিষ্পত্তি না হলে একদিকে যেমন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা ব্যাহত হয়, অন্যদিকে অভিযুক্ত কর্মী ও অভিযোগকারী উভয়ের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়। নতুন সময়সীমার ফলে এসব অভিযোগ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি ব্যাংকগুলোর অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ২০০৫ সালের পুরোনো নির্দেশনাকে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ সংশোধনী আনা হয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য দুই মাসের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে সামঞ্জস্য রাখা হয়েছে। এর ফলে ব্যাংকিং খাতে কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাজনিত অভিযোগের তদন্ত ও নিষ্পত্তি প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট সময়সীমা কার্যকর হবে। সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।