ইউজিসিতে ৩ শিক্ষাবিদ নিয়োগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পূর্ণকালীন সদস্য হিসেবে নতুন ৩ জন শিক্ষাবিদকে নিয়োগ দিয়েছে সরকার। রবিবার (২৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী নাঈমা খন্দকার।

নতুন নিয়োগ পাওয়া তিন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক মো. মেহেদী খান, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ভাস্কুলার সার্জারী বিভাগের অধ্যাপক প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আদেশ, ১৯৭৩ (রাষ্ট্রপতির আদেশ নম্বর-১০/৭৩)-এর সংশোধিত আইন, ১৯৯৮-এর ৪ (১) (বি) ধারা অনুযায়ী নিম্নোক্ত ০৩ (তিন) জন ব্যক্তিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিম্নবর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, এ নিয়োগের মেয়াদ হবে ৪ (চার) বছর। তবে সরকার প্রয়োজন মনে করলে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পূর্বে দায়িত্ব হতে অব্যাহতি দিতে পারবেন। তারা অব্যবহিত পূর্ব পদে সর্বশেষ আহরিত বেতনভাতা প্রাপ্য হবেন। কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী অন্য সুবিধাদি পাবেন এবং এ নিয়োগ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এর আগে এক প্রজ্ঞাপনে তিনজন পূর্ণকালীন সদস্যকে তাদের পদ থেকে অব্যাহতি দিয়েছে সরকার। রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ইউজিসির পূর্ণকালীন সদস্য পদ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সাইদুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে।