যে কারণে প্রত্যাহার হলো ১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ সুবিধা

সরকারি ব্যয় সংকোচন ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে ১৮ জন মন্ত্রীর বিশেষ পুলিশ ‘এসকর্ট’ সুবিধা প্রত্যাহার করা হয়েছে এবং বর্তমানে শুধুমাত্র ৬ জন মন্ত্রী ও ১ জন উপদেষ্টার এই সুবিধা বহাল থাকছে। তবে ঢাকার বাইরে সফরে গেলে প্রয়োজন অনুযায়ী সব মন্ত্রীর জন্য পুলিশের পাহারা ও নিরাপত্তাব্যবস্থা থাকবে। প্রধানমন্ত্রীর অভিপ্রায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ সিদ্ধান্ত নিয়েছে। ডিএমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এসকর্ট সুবিধা বহাল থাকা মন্ত্রীরা হলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর; স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী; সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন; পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

এ বিষয়ে ডিএমপির প্রটেকশন বিভাগের উপকমিশনার মো. শাহরিয়ার আলম গণমাধ্যমকে বলেন, ‘মন্ত্রীদের এসকর্ট কমানোর ফলে জ্বালানি ব্যয় কমার পাশাপাশি গাড়ি ও জনবলের ওপর চাপও কিছুটা কমবে। বিশেষ করে রাজধানীতে নিয়মিত পুলিশি কাজে এ গাড়ি ও সদস্যদের ব্যবহার করা যাবে।’