বিশ্বকাপে আলো ছড়ানো তরুণকে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ

চলতি দলবদল মৌসুমে নিজেদের শক্তিমত্তা বাড়াতে আরও এক তরুণ তারকাকে দলে ভেড়াতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। জার্মানির বুন্দেসলিগা ক্লাব আরবি লাইপজিগ থেকে আইভরি কোস্টের উদীয়মান উইঙ্গার ইয়ান দিওমান্দে-কে নেওয়ার বিষয়ে প্রাথমিক চুক্তি চূড়ান্ত করেছে গ্যালাকটিকোরা।

ট্রান্সফার বিশেষজ্ঞ বেন জেকবস নিশ্চিত করেছেন, বিগত কয়েক ঘণ্টার আলোচনার পর লাইপজিগের সাথে রিয়াল মাদ্রিদের আলোচনা চূড়ান্ত হয়েছে। সান্টিয়াগো বার্নাব্যুতে যোগ দেওয়ার জন্য দিওমান্দে নিজেও মাদ্রিদের সাথে ব্যক্তিগত শর্তাবলীতে সম্মত হয়েছেন এবং তিনি ৫ বছরের চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছেন।

এর আগে দিওমান্দেকে পেতে রিয়াল মাদ্রিদের দেওয়া ১০০ মিলিয়ন ইউরোর প্রথম প্রস্তাবটি বাতিল করে দিয়েছিল লাইপজিগ। তবে ট্রান্সফার সাংবাদিক ফাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, স্প্যানিশ জায়ান্টরা লড়াই ছাড়েনি এবং সংশোধিত নতুন প্রস্তাব নিয়ে দ্বিতীয়বার আলোচনায় বসে দ্রুত চুক্তি সম্পন্ন করে।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই  খেলোয়াড়ের সাথে চুক্তির বিষয়ে একমত হলেও ট্রান্সফার ফি নিয়ে লাইপজিগের সাথে তাদের আলোচনা আটকে যায়। জার্মান ক্লাবটি দিওমান্দর জন্য প্রায় ১২০ মিলিয়ন ইউরো দাবি করে আসছিল, যা অন্য কোনো ক্লাব দিতে প্রস্তুত ছিল না। এই সুযোগে দ্রুত চাল চেলে বাজি জিতে নেয় রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও আইভোরিয়ান এই তরুণকে পেতে প্রাথমিক আগ্রহ দেখালেও পরবর্তী সময়ে দৌড় থেকে সরে দাঁড়ায়।

আরবি লাইপজিগের হয়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কাড়েন দিওমান্দে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৬টি ম্যাচে ১৩টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। এছাড়া সম্প্রতি সমাপ্ত ২০২৬ ফিফা বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে তাঁর অসাধারণ পারফরম্যান্স পুরো ফুটবল বিশ্বের নজর কাড়ে।