সারা দেশে আজ সোমবার (২৭ জুলাই) মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় দিনের তাপমাত্রা কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময় সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে টেকনাফে ৪৯ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপটি প্রথমে ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর
ও তৎসংলগ্ন উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে এবং পরবর্তীতে আরও ঘনীভূত হয়ে মৌসুমী নিম্নচাপ আকারে একই এলাকায় রবিবার (২৬ জুলাই ২০ দশমিক ৭ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৮ দশমিক ৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, নিম্নচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
বর্ধিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে, এই কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।
বৃষ্টিপাতের পরিমাপ অনুযায়ী: ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার হালকা বৃষ্টিপাত। ১১ থেকে ২২ মিলিমিটার হচ্ছে মাঝারি ধরনের, ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটার হচ্ছে অতি ভারী ধরনের বৃষ্টিপাত।