সোনা-রুপার দাম আবারও বাড়ল, ভরি কত?

দেশের বাজারে আবারও সোনা ও রুপার দাম বাড়ানো হয়েছে। তেজাবী সোনা ও রুপার মূল্য বৃদ্ধির কারণে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)-এর প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি সোনা ও রুপার অলংকারের নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে। আজ সোমবার (২৭ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে লাগবে ২ লাখ ২৩ হাজার ৭৩ টাকা। প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ১২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম রাখা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, যা প্রতি গ্রামে ১৮ হাজার ২৬৫ টাকা।

এদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার অলংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৩৯ টাকা। প্রতি গ্রাম হিসেবে এর মূল্য ১৫ হাজার ৬৮৫ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার অলংকার ভ্যাটসহ কিনতে খরচ হবে ১ লাখ ৪৯ হাজার ৪৮০ টাকা। প্রতি গ্রাম এ ধরনের সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১২ হাজার ৮১৫ টাকা।

সোনার পাশাপাশি রুপার অলংকারের দামও সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার অলংকারের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, অর্থাৎ প্রতি গ্রাম ৪০০ টাকা। ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৫৪৯ টাকা (প্রতি গ্রাম ৩৯০ টাকা)। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হবে ৩ হাজার ৯০৭ টাকায় (প্রতি গ্রাম ৩৩৫ টাকা)। সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৭৪ টাকা, যা প্রতি গ্রাম ২৫৫ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত দামের সঙ্গে অলংকারের নকশা অনুযায়ী মজুরি যোগ হবে। তবে বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নির্ধারিত নিয়মই বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য তালিকা কার্যকর থাকবে।