নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। মহানগরের শহীদ টিটু মিলনায়তনে রবিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের প্রস্তাবিত বাজেটে মোট ১ হাজার ৪১৭ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭৯৭ টাকার আয় দেখানো হয়েছে। এরমধ্যে রাজস্ব খাতের কর ৭৯ কোটি ৪০ লাখ টাকা, সরকারি অনুদান ৪ কোটি ৪৬ লাখ টাকা, অন্যান্য রাজস্ব ১০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৮০ লাখ ২০ হাজার টাকা, উন্নয়ন হিসাব (এডিপি) ৬১৬ কোটি ৫০ লাখ টাকা, প্রকল্প হিসাব ৬৮০ কোটি টাকা। এছাড়া প্রারম্ভিক রাজস্ব খাত ১২ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৭৯৭ টাকা, এডিপি উন্নয়ন হিসাবে ১৩ কোটি ৫০ লাখ টাকা। এই বাজেটে বিভিন্ন খাতে সমপরিমাণ অর্থ ব্যয় হবে বলেও উল্লেখ করা হয়।
বগুড়া সিটি কর্পোরেশনকে নতুন আঙ্গিকে সাজাতে ২৮ দফা পরিকল্পনা উল্লেখ করে বাজেট ঘোষণায় প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে বগুড়াকে দেশের অন্যতম আধুনিক মহানগরে রূপান্তর করাই এই বাজেটের মূল লক্ষ্য। বাজেটে সিটি কর্পোরেশনের জন্য প্রথমবারের মতো মাস্টার প্ল্যান প্রণয়ন, আধুনিক ‘নগর ভবন’ নির্মাণ, সুবিল খাল ও করতোয়া নদী পুনঃখনন, জলাবদ্ধতা নিরসনে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তা, ড্রেন ও ফুটপাত পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
গুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাঈদ আলী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এতে বিশেষ ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।
এদিকে সর্বশেষ বিলুপ্ত হওয়া বগুড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরে বাজেট ছিল ১১৬ কোটি ৪৯ লাখ টাকার।