ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার মুখ খুললেন ক্যারিয়ারের শুরুর দিকে বাংলাদেশে তার সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে। জানালেন মারামারি ও চুল টানাটানির কথাও।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে অতিথি হয়ে নোরা বলেন, তার প্রথম চলচ্চিত্র রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস–এর শুটিং চলাকালে এ ঘটনা ঘটে। ২০১৪ সালে বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে ছবিটির শুটিং হচ্ছিল। নোরার ভাষ্য, এক সহ-অভিনেতা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে প্রথমে তিনি ওই অভিনেতাকে চড় মারেন।
নোরা বলেন, ‘আমরা বাংলাদেশের সুন্দরবনের জঙ্গলে শুটিং করছিলাম। সেখানে এক সহ-অভিনেতা খুবই অসভ্য ব্যবহার করছিল। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।’ নোরার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং তার চুল টেনে ধরেন। জবাবে তিনিও ওই অভিনেতার চুল ধরে টানেন। একপর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলে পরিচালক এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ঘটনাটি স্মরণ করে নোরা বলেন, ‘আমি আরও একবার ওকে চড় মারি। তারপর ও আমার চুল টানে। আমিও ওর চুল টেনে ধরি। তারপর বড় ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত পরিচালক এসে আমাদের থামান।সত্যি বলছি, লোকটার আচরণ একেবারে কুকুরের মতো ছিল।’
তবে সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি নোরা ফাতেহি। কমল সদানা পরিচালিত রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৪ সালের বছরের ৩১ অক্টোবর। ছবিটির উল্লেখযোগ্য অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে।