গ্যাস সংকটে দুঃখ প্রকাশ, আগামী সপ্তাহে উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রীর

গ্যাস সংকটে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, আগামী সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি শুরু হবে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও এক সপ্তাহ লাগতে পারে।

সোমবার (২৭ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, গ্যাস সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বাসাবাড়িতে রান্নার কাজে ভোগান্তি, শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়া এবং সিএনজি স্টেশনে চাপের কারণে গণপরিবহনে সমস্যার বিষয়টি সরকার অবগত। এ কারণে জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, সংকটের কারণ সরকারি কোনো প্রতিষ্ঠানের ত্রুটি নয়; একটি বেসরকারি প্রতিষ্ঠানের কারিগরি সমস্যার কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সার্বক্ষণিক কাজ করছে। তবে তাৎক্ষণিক সমাধান সম্ভব না হওয়ায় এটিকে সরকারের সীমাবদ্ধতা হিসেবে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ত্রুটিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) থেকে স্বাভাবিক সময়ে দৈনিক ৫০০ থেকে ৫৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, আগামী সপ্তাহ থেকে দৈনিক ২৮০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।

অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, আগামী সপ্তাহে প্রায় ৫০ শতাংশ সরবরাহ চালু করা গেলে পরের সপ্তাহে শতভাগ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।