মুন্সীগঞ্জে ইয়াবা ও  হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হচ্ছে- জেলার শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা মো. মুন খান (৩০)।

আজ সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে জেলার লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালীমান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে সমুদয় ইয়াবা ও হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে লৌহজং থানার এসআই  শাহীন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গোয়ালীমান্দ্রা এলাকা থেকে মুন খানকে আটক করা হয়। পরে তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ও ৩৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে জেলার সব থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। অপরাধ দমনে এই অভিযান ভবিষ্যতেও আরও কঠোরভাবে অব্যাহত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধী সম্পর্কে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।