সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন ২৩ সেপ্টেম্বর

সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ারবাজার কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) নির্ধারিত দিনে প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির নতুন এ তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তাঁর স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির ও তানভীর নিজাম।

মামলার এজাহার অনুযায়ী, আসামিরা নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিও অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ সিরিজ ট্রানজেকশন, প্রতারণামূলক অ্যাকটিভ ট্রেডিং, গ্যাম্বলিং ও স্পেকুলেশনের মাধ্যমে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে বাজারে কারসাজি করেন।

এতে সাধারণ বিনিয়োগকারীরা প্রতারিত হয়ে ২৫৬ কোটি ৯৭ লাখ ৭০ হাজার ৩০৪ টাকার ক্ষতির মুখে পড়েন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগে গত বছরের ১৭ জুন মানি লন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলাটি করা হয়।