কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান, মিরসরাইয়ে পুলিশের জালে ধরা

চট্টগ্রামের মিরসরাইয়ে কক্সবাজার থেকে ঢাকায় পাচারের পথে ৬০৬ পিস ইয়াবাসহ নুর আলম (৪৩) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে বারইয়ারহাট পৌরসভার গাছ মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো ব্যাগ তল্লাশি করে ৬০৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নুর আলম কক্সবাজার জেলার উখিয়া থানার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৬ এর বাসিন্দা গুরা মিয়ার ছেলে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর আলম স্বীকার করেছে যে, সে কক্সবাজার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন মাদক কারবারির কাছে সরবরাহ করত। উদ্ধার হওয়া ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার উদ্দেশে সে মিরসরাই অতিক্রম করছিল।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।