পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে অধ্যাপক ড. এবিএম সাইফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২৭ জুলাই) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ড. সাইফুল ইসলাম শর্তসাপেক্ষে এ পদে দায়িত্ব পালন করবেন। তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর বা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং ক্যাম্পাসে অবস্থান করবেন।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি অন্য কোনো পেশা বা চাকরিতে যুক্ত থাকতে পারবেন না এবং বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও আচার্যের নির্দেশনা মেনে চলতে হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ড. এবিএম সাইফুল ইসলাম পবিপ্রবির কৃষি অনুষদের একজন জ্যেষ্ঠ শিক্ষক। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন।