জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে আগামী চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের, সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. সুলতান আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩'-এর ১৪(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. সোহেল রানাকে চার বছরের জন্য ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যোগদানের তারিখ থেকে চার বছর পূর্ণ হওয়ার আগে অবসর গ্রহণের বয়স উপস্থিত হলে তার মেয়াদ তখনই শেষ হবে।
নিয়োগের অন্যান্য শর্তে জানানো হয়, অধ্যাপক ড. সোহেল রানা তার বর্তমান পদের সমপরিমাণ অর্থ সম্মানী হিসেবে পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত এবং ভাইস চ্যান্সেলর (উপাচার্য) কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যে কোনো সময়-এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।