টুঙ্গিপাড়া

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবারের মাঝে ঢেউটিন-চেক বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম জানান, প্রাকৃতিক দুর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩৫টি পরিবারকে ১০ হাজার টাকা করে মোট ৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। পাশাপাশি গৃহ পুনর্নির্মাণের জন্য বাকি ২৫টি পরিবারের প্রত্যেককে ৬ হাজার টাকার চেক এবং দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়।