ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে ২৪ ঘণ্টা প্রবেশ ও বের হওয়ার সুযোগসহ তিন দফা দাবি জানিয়েছে “বৈষম্যহীন ছাত্রী হল” নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম।
সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এসব দাবি তুলে স্মারকলিপি দেন তারা।
শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ছাত্রী হলের প্রচলিত সান্ধ্য আইন বাতিল করে সব হলের গেট ২৪ ঘণ্টা খোলা রাখা, বৈধ বিশ্ববিদ্যালয় পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্রীদের যেকোনো ছাত্রী হলে প্রবেশ ও অনুমতি সাপেক্ষে রাতযাপনের সুযোগ দেওয়া এবং ছাত্রীদের পরিবারের নারী সদস্যদের হলের কক্ষ পর্যন্ত যাওয়ার অনুমতি নিশ্চিত করা।
স্মারকলিপিতে বলা হয়, শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা, স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে সময়সীমাভিত্তিক প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণের পরিবর্তে নিরাপদ ও নিয়মতান্ত্রিক ২৪ ঘণ্টা ব্যবস্থা চালু করা প্রয়োজন।
শিক্ষা, গবেষণা, চিকিৎসা, সাংগঠনিক কার্যক্রম, পারিবারিক প্রয়োজন কিংবা জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের যেকোনো সময় হল থেকে বের হওয়া বা হলে প্রবেশের প্রয়োজন হতে পারে।
এ কারণে শুধু প্রবেশ ও বহির্গমনের সময় বাড়ানোর পরিবর্তে ২৪ ঘণ্টা হল খোলা রাখার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
“বৈষম্যহীন ছাত্রী হল” প্ল্যাটফর্মের পক্ষ থেকে কবি সুফিয়া কামাল হল সংসদের সহ-সভাপতি (ভিপি) সানজানা চৌধুরী রাত্রি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি নারী হলে দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ম চালু রয়েছে। এসব নিয়মের কিছু অংশকে তারা বৈষম্যমূলক ও হয়রানিমূলক বলে মনে করছেন।“