পাকিস্তানে ভলিবলে সেমিতে বাংলাদেশ

প্রথম দুই সেটে হেরে গিয়েও অবিশ্বাস্য কামব্যাক! দারুণ বীরত্ব দেখিয়ে টানা তিন সেটে জয় ছিনিয়ে নিয়ে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট কেটেছে বাংলাদেশ। পাকিস্তানের ইসলামাবাদে চলমান এ টুর্নামেন্টের রাউন্ড রবিন লিগে গতকাল সোমবার নিজেদের শেষ লড়াইয়ে শ্রীলঙ্কাকে ৩-২ সেটে হারিয়েছেন হরসিত-সুজনরা। লিগ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জিতে সেরা চারের লড়াইয়ে জায়গা নিশ্চিত করলেন লাল-সবুজ প্রতিনিধিরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই সেটেই সমানে সমান লড়াই করে ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে হেরে বসে তারা। তবে ভাঙেনি আত্মবিশ্বাস; তৃতীয় সেটে ২৫-২৩ পয়েন্টে জয় পেয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। চতুর্থ সেটে ২৫-২১ ব্যবধানের জয়ে ম্যাচ গড়ায় নির্ধারিত পঞ্চম সেটে। আর সেখানে ১৫-১২ পয়েন্টের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে উল্লাসে মাতেন মাসুদ-হরসিতরা।