রাজনীতির কাছে হারল ইতালির ফুটবল

রুশ বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির জেরে আন্দ্রেয়া পিরলোর ইতালি জাতীয় দলের কোচ হওয়ার দৌড় থেকে বাদ পড়া নিয়ে বিতর্ক এখন রূপ নিয়েছে গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটে। এই জলঘোলা পরিস্থিতির কারণে দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদ ছাড়ার কথা ভাবছেন কিংবদন্তি পাওলো মালদিনি।

টানা তিনটি বিশ্বকাপে যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়া ইতালির ফুটবল সংকট নতুন মাত্রায় পৌঁছাল। গত এপ্রিলে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে বিদায় নেওয়ার পর থেকেই টালমাটাল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত রবিবার রাতে ইতালি ফেডারেশন থেকে পিরলোকে জানিয়ে দেওয়া হয়, তিনি আর কোচ হওয়ার দৌড়ে নেই। এরপর সোমবার এক ইনস্টাগ্রাম পোস্টে পিরলো বলেন, ‘প্রতিষ্ঠান, ফেডারেশন এবং সংশ্লিষ্ট সবার প্রতি শ্রদ্ধা রেখে এতদিন আমি নীরব ছিলাম। কিন্তু যখন শুনলাম আমি আর প্রার্থী নই, তখন কিছু বিষয় পরিষ্কার করাকে নিজের দায়িত্ব মনে করছি। পেশাদার ও কোচ হিসেবে আমি সর্বদা সব দেশের আইন ও চুক্তি মেনে কাজ করেছি। রুশ বেটিং এজেন্সির সঙ্গে আমার চুক্তিটি সংযুক্ত আরব আমিরাতে কাজের সূত্র ধরে এবং এটি সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক। এর সঙ্গে কোনো রাজনৈতিক অর্থ যোগ করা মানে আমার ওপর এমন চিন্তা চাপিয়ে দেওয়া, যা আমার নয়।’ ইতালির বেশ কয়েকজন রাজনীতিবিদ পিরলোর ‘ফনবেট’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার তীব্র বিরোধিতা করেন। তাদের দাবি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইতালির আন্তর্জাতিক অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে একজন রুশ প্রতিষ্ঠানের সহযোগীর ইতালির জাতীয় দলের দায়িত্বে থাকা উচিত নয়। যদিও পিরলো স্পষ্ট জানান, তার বর্তমান দল দুবাই ইউনাইটেডের সূত্রে এ চুক্তি সম্পূর্ণ বাণিজ্যিক ও ক্রীড়াভিত্তিক।

গত বছর লুসিয়ানো স্পাল্লেত্তি বরখাস্ত হওয়ার পর ক্লদিও রানিয়েরি প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় তুলনামূলক অনভিজ্ঞ গাত্তুসোকে আনা হয়েছিল। চার বছরে ৪ নম্বর কোচের অপেক্ষায় থাকা ইতালিকে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে নেশন্স লিগে বেলজিয়াম, তুরস্ক ও ফ্রান্সের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।