১৯০০ কোটিতে রিয়ালে দিওমান্দে

শৈশবে দারিদ্র্যের সঙ্গে লড়াই করেই বড় হয়েছেন আইভরিকোস্টের আবিদজানে জন্ম নেওয়া ১৯ বছর বয়সী উইঙ্গার ইয়ান দিয়োমান্দে। ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ করতে একসময় একাই দেশ ছাড়তে হয় তাকে। সেই কঠিন সময়ে তার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোনালদোর প্রতি ভালোবাসা থাকলেও প্রিয় তারকার নাম ও নম্বরসহ একটি আসল জার্সি কেনার সামর্থ্য ছিল না দিয়োমান্দের। তাই নিজের একটি সাধারণ জার্সির পেছনে হাতে লিখে নিয়েছিলেন ‘রোনালদো’ নাম এবং তার বিখ্যাত ৭ নম্বর। সেই ছোট্ট ছেলেটিই এখন দাঁড়িয়ে আছেন রোনালদোর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে।

আর্বি লাইপজিগ থেকে ১৯ বছর বয়সী আইভরিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়াতে চূড়ান্ত আলোচনা শেষ করছে রিয়াল মাদ্রিদ। ২৪ ঘণ্টার মধ্যে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। বোনাসসহ চুক্তিটির মোট অঙ্ক পৌঁছাতে পারে ১৩৫ মিলিয়ন ইউরোতে, বাংলাদেশি মুদ্রায় যা ১৯০০ কোটি টাকা।

মাত্র দুই বছর আগেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ডিএমই একাডেমিতে খেলতেন দিওমান্দে। সেখান থেকে তার উত্থান যেন এক রূপকথা : ২০২৫ জানুয়ারিতে স্প্যানিশ ক্লাব লেগানেসে যোগ দেন এবং রিজার্ভ দল দিয়ে শুরু করেন। সে বছরের জুলাইয়ে অসাধারণ পারফরম্যান্সের কারণে ২০ মিলিয়ন ইউরোতে তাকে দলে নেয় আরবি লাইপজিগ। গত মৌসুমে লাইপজিগকে লিগে তৃতীয় স্থানে তুলতে তিনি করেন ১২টি গোল ও ৮টি অ্যাসিস্ট। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপে আইভরি কোস্টের হয়ে চার ম্যাচে ১১টি গোলপজিশন তৈরি করে নজর কাড়েন বিশ্ব ফুটবলের। প্যারিস সেন্ট জার্মেই এই তরুণ প্রতিভাকে দলে নিতে দীর্ঘদিন চেষ্টা চালালেও, রিয়াল মাদ্রিদ চুক্তিতে প্রবেশ করতেই লড়াই থেকে সরে দাঁড়ায় ফরাসি জায়ান্টরা।

দিওমান্দের চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি ম্যানচেস্টার সিটির স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিগো হার্নান্দেজকে (রদ্রি) দলে ভেড়াতে বেশ আশাবাদী হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ। স্পেনের  বিশ্বকাপজয়ী এই অধিনায়কের চোটের ইতিহাস নিয়ে আগে কিছুটা দ্বিধা থাকলেও, বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরম্যান্স রিয়াল কর্র্তৃপক্ষের মন জয় করে নিয়েছে। সিটির সঙ্গে রদ্রির চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি রয়েছে। তবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা তার উপযুক্ত বিকল্প (যেমন লিঁলের আইয়ুব বুআদি) নিশ্চিত করার পরেই কেবল রদ্রিকে ছাড়তে রাজি হবে বলে জানা গেছে।