বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সময়

এমন দৃশ্য সাধারণত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলাকালীন দেখা যায়। সর্বশেষ তিন থেকে চার দিন তারার মেলা বসেছিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। একই মাঠের একদিকে চলে বাংলাদেশ জাতীয় দলের অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি, একপ্রান্তে বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট, অন্য পাশে ‘এ’ দলের ক্রিকেটাররা। ক্রিকেটীয় ক্যালেন্ডারের শুরুর দিকেই ছেলেদের দল, মেয়েদের দল, পাশাপাশি বয়সভিত্তিক দলের ক্রিকেটাররা বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সফর থেকে ফিরে বিশ্রামের খুব বেশি সময় পাননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে নেমে পড়তে হয় তাদের। মিরপুরে আরও তিন দিন চলবে এই প্রস্তুতি পর্ব। আগামী ১ ও ৩ আগস্ট ডারউইনের উদ্দেশে দেশ ছাড়বেন নাজমুল হোসেন, মুমিনুল হকরা। সেখানে ১৩ ও ২২ আগস্ট ২ টেস্টের আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন সফরকারীরা। টেস্ট দলে বাইরে থাকা সদস্যরা মিরপুরে অনুশীলন চালিয়ে যাবেন বলেই জানা গেছে। এর বাইরে নাহিদ রানা, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমানরা চোট থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। এ ছাড়া জাতীয় দলের একাধিক ক্রিকেটার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ও গ্লোবাল সুপার লিগ (জিএসএল) খেলতে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজে আছেন। এসব টুর্নামেন্ট শেষ করে দেশে ফিরে ঘরের মাঠে আসন্ন ভারত সিরিজের প্রস্তুতি শুরু করবেন তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, পারভেজ হোসেন ইমনরা।

এদিকে এইচপি বিভাগের একটি দল গতকাল সকালে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে। সেখানে শুরুতে তিন দলের একটি ওয়ানডে সিরিজ খেলবেন ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম বিপ্লবরা। টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল ছাড়াও স্থানীয় একটি বিশ্ববিদ্যালয় দল অংশ নেবে। এরপর প্রোটিয়া ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচ খেলবে সফরকারীরা। এই সফর শেষ হওয়ার আগে, অর্থাৎ আগস্টের মাঝামাঝি একই দেশে যাবে বাংলাদেশ ‘এ’ দল। সেখানে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবেন তারা। জানা গেছে, লাল বলের এই সংস্করণে সুযোগ পাবেন অস্ট্রেলিয়া সফরের টেস্ট দল থেকে বাদ পড়া সদস্যরা। মাহমুদুল হাসান জয়, নাঈম হাসান, মাহিদুল ইসলাম অঙ্করা থাকবেন। কোচ মিজানুর রহমানের অধীনে ঢাকায় অনুশীলন পর্ব চালিয়ে যাচ্ছেন ‘এ’ দলের ক্রিকেটাররা।

এ ছাড়া আগামী ১৪ আগস্ট অস্ট্রেলিয়া সফরে যাবে এইচপির আরেকটি দল। কোচ সোহেল ইসলামের অধীনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি নামে ৯ দলের একটি টুর্নামেন্টে খেলবেন জাওয়াদ আবরার, জিসান আলমরা। এরপর সেখানে শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

জাতীয় দলে খেলা মেয়ে ক্রিকেটারদের অবশ্য এখনো আন্তর্জাতিক ব্যস্ততা নেই। ইংল্যান্ড থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসে কিছুদিন বিশ্রামে ছিলেন নিগার সুলতানা, নাহিদা আক্তাররা। তবে আগামী মাসে নারী এশিয়া কাপ সামনে রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তারা। এখন সিলেটে চলছে ফিটনেস ক্যাম্প। জানা গেছে, ৩১ জুলাই পর্যন্ত চলবে এই ক্যাম্প। ১ আগস্ট ঢাকায় ফিরে স্কিল ক্যাম্প শুরু করবেন মেয়েরা। এদিকে মেয়েদের ক্রিকেটের আরেকটি দল এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় গেছে। বাংলাদেশ ইমার্জিং নারী দল প্রোটিয়া মেয়েদের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ও সমান তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

বয়সভিত্তিক ক্রিকেটেও শুরু হয়েছে ব্যস্ততা। চলতি মাসে ছেলেদের অনূর্ধ্ব-১৯ দল ৩ সপ্তাহের আবাসিক ক্যাম্প শেষ করে আপাতত বিশ্রামে আছে। আগামী ৫ তারিখ থেকে রাজশাহীতে স্কিল ক্যাম্প শুরু হবে তাদের। সেখানে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া ৩০ ক্রিকেটার নিজেদের মধ্যে ভাগ হয়ে কয়েকটি ম্যাচও খেলবেন। এর মধ্যে অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পও শুরু করছে বিসিবি।