লাইসেন্স ফিরে পেয়েই চিকিৎসাসেবা শুরু আদ্-দ্বীন হাসপাতালে

লাইসেন্স পুনর্বহালের পর দেড় মাস বন্ধ থাকার পর আবারও চিকিৎসাসেবা শুরু করেছে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতাল। আজ সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা চালু হয়েছে।

গত ২৭ মে হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের অনুপস্থিতি, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসে। এ ঘটনার পর ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালটির লাইসেন্স বাতিল করে।

পরে তিনটি শর্তে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে কোনো শর্ত লঙ্ঘিত হলে লাইসেন্স আবারও বাতিল করা হবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামালুন্নেসা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গত ৪৭ দিনে হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসাসেবার বিভিন্ন ত্রুটি সংশোধনে কাজ করা হয়েছে। তিনি ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন।

তিনি জানান, বন্ধ থাকার সময়ে হাসপাতালের ওয়ার্ড, আইসিইউসহ বিভিন্ন বিভাগ সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবার মান উন্নয়নে চিকিৎসক ও কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

লাইসেন্স ফিরে পাওয়ার পর আজ থেকে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও আদ্-দ্বীন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।