ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স তাদের বহুল আলোচিত আর্থিক সেবা এক্স মানি সীমিত পরিসরে চালু করেছে। বর্তমানে আমন্ত্রণভিত্তিক পরীক্ষামূলক কার্যক্রম শেষ করে যুক্তরাষ্ট্রে ১৮ বছর বা তার বেশি বয়সী প্রিমিয়াম এবং প্রিমিয়াম প্লাস গ্রাহকদের জন্য সেবাটি উন্মুক্ত করা হয়েছে।
এক্স মানির মাধ্যমে ব্যবহারকারীরা একই অ্যাপের ভেতরেই ডিপোজিট অ্যাকাউন্ট, ব্যক্তি থেকে ব্যক্তিতে (পিয়ার-টু-পিয়ার) অর্থ লেনদেন এবং ডেবিট কার্ড ব্যবহারের সুবিধা পাবেন। সেবাটি ভিসা এবং অ্যাপল ওয়ালেট এর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।
ব্যবহারকারীদের জন্য ডেবিট কার্ডটি ডিজিটাল এবং ধাতব—দুই সংস্করণেই পাওয়া যাবে। ধাতব কার্ডে চাইলে নিজের এক্স ব্যবহারকারীর নাম (হ্যান্ডেল) খোদাই করার সুযোগও থাকবে।
এক্স জানিয়েছে, গ্রাহকেরা বছরে সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত সুদ (এপিওয়াই), নির্দিষ্ট কেনাকাটায় ৩ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক, বিদেশে লেনদেনে অতিরিক্ত ফি না থাকা এবং নির্ধারিত সময়ের আগেই সরাসরি অর্থ জমার মতো সুবিধা পাবেন। তবে সুদের হার নির্ভর করবে ব্যবহারকারীর সাবস্ক্রিপশন স্তর এবং নিয়মিত অর্থ জমার মতো কয়েকটি বিষয়ের ওপর। একই সঙ্গে সব ধরনের লেনদেন ক্যাশব্যাক সুবিধার আওতায় থাকবে না।
এক্স পেমেন্টস এলএলসি নিজে যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স করপোরেশন এর আওতাভুক্ত ব্যাংক নয়। তবে গ্রাহকের জমা অর্থ রাখা হবে ক্রস রিভার ব্যাংকে, যা এফডিআইসি–সদস্য হওয়ায় নির্ধারিত সীমা পর্যন্ত আমানত সুরক্ষিত থাকবে।
দীর্ঘদিন ধরেই এক্সে অর্থ লেনদেনের সুবিধা চালুর পরিকল্পনার কথা জানা যাচ্ছিল। ইলন মাস্ক এক্সকে একটি ‘এভরিথিং অ্যাপ’ বা বহুমুখী ডিজিটাল প্ল্যাটফর্মে রূপ দেওয়ার যে পরিকল্পনা নিয়েছেন, এক্স মানি তারই গুরুত্বপূর্ণ অংশ। সামাজিক যোগাযোগমাধ্যম, কৃত্রিম বুদ্ধিমত্তা, বার্তা আদান-প্রদান এবং আর্থিক সেবাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসাই প্রতিষ্ঠানটির লক্ষ্য।
প্রাথমিকভাবে কেবল যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রিমিয়াম গ্রাহকেরা এই সুবিধা ব্যবহার করতে পারলেও ভবিষ্যতে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।