কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে অভিযান চালিয়ে ৩০ লিটার দেশীয় মদসহ চার মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।
এ সময় ঘটনাস্থল থেকে চার মাদক কারবারিকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, নগদ এক হাজার ৪৪০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ইজিবাইকটি জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, মাদকের বিস্তার রোধে উপকূলীয় এলাকায় তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।