যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, পাল্টাপাল্টি অভিযোগ

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের যশোর শহরের বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

স্থানীয়দের দাবি, বিরোধপূর্ণ একটি মাদ্রাসা বন্ধ রাখতে বলেছিলেন সংসদ সদস্য গোলাম রসুল। এ ছাড়া তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে দুই ব্যক্তিকে মারধরের অভিযোগও তোলা হয়েছে। তবে গোলাম রসুলের পরিবার ও জামায়াত এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং তাঁকে ঘিরে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করা হয়েছে। এ ঘটনায় বিএনপির ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

স্থানীয় সূত্র জানায়, যশোর শহরের নীলগঞ্জ এলাকার আল মাদ্রাসাতুশ শারইয়াহ ও সংশ্লিষ্ট মসজিদকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোলাম রসুলের পরিবার ও স্থানীয়দের মধ্যে বিরোধ চলছে। সোমবার সকালে মাদ্রাসার শিক্ষার্থী আয়ান ও রেক্সোনা নামে এক নারীর ওপর হামলার অভিযোগ ওঠে গোলাম রসুল ও তাঁর মেয়ে অনন্যার বিরুদ্ধে। ওই বিরোধ মীমাংসায় সোমবার রাতে দুই পক্ষের মধ্যে বৈঠকও হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার সকালে মাদ্রাসা খোলার পর সেটি বন্ধ রাখতে বলেন গোলাম রসুল। এতে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকাল ১১টার দিকে তারা সংসদ সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, মাদ্রাসা বন্ধের হুমকি দেওয়া হয়েছে এবং দীর্ঘদিন ধরে শিক্ষার্থী ও স্থানীয়দের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে। ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভ চলাকালে বিষয়টি মীমাংসার জন্য গোলাম রসুলের এক স্বজন ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতার একাংশ তাঁকে মারধর করে। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বিক্ষোভকারীরা যশোর-নড়াইল মহাসড়ক অবরোধ করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, দুই পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

গোলাম রসুলের স্ত্রী শারমিন ভিনা বলেন, তাঁদের মেয়ে মানসিক সমস্যায় ভুগছেন। মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে শিশুদের আনাগোনা ও গোলযোগের প্রতিবাদ করায় বিরোধের সৃষ্টি হয়েছে। এখন তাঁদের বাড়িতে হামলা চালিয়ে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন তিনি।

ঘটনার পর ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় গোলাম রসুল বলেন, মাদ্রাসাটিতে কয়েক শ শিক্ষার্থী থাকায় অভিভাবকদের ভিড়ে সড়কে যানজট সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে কথা বলায় তাঁর মেয়েকে মারধর করা হয়েছে। পরে তাঁদের বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। এরপরও বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তিনি শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

এদিকে, জামায়াতের মিডিয়া উইংয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়েছে, গোলাম রসুলের মেয়ে মেহজাবিন জান্নাত অনন্যা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত এবং দেশ-বিদেশে তাঁর চিকিৎসা হয়েছে। একজন মানসিক রোগে আক্রান্ত নারীর বিরুদ্ধে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ইন্ধনে মব উসকে দেওয়া হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করা হয়।