মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৮ জুলাই) টেলিফোনে আলাপকালে পারস্পরিক সম্পর্ক জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী।
ফোনালাপে বাংলাদেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি তুলে ধরে তারেক রহমান জরুরি চাহিদা পূরণে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ ও সংশ্লিষ্ট বিনিয়োগে সহযোগিতা কামনা করেন। জবাবে আনোয়ার ইব্রাহিম জানান, তিনি বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সহযোগিতার চেষ্টা করবেন।
ফোনালাপের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আনোয়ার ইব্রাহিম লেখেন, দুই দেশের পারস্পরিক স্বার্থে জ্বালানি, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও লেখেন, দ্বিপক্ষীয় বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা বাড়িয়ে বাংলাদেশ-মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মালয়েশিয়া প্রতিশ্রুতিবদ্ধ।