নারায়ণগঞ্জের আড়াইহাজারে চারজন রোগীকে নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এক ব্যক্তি। ভোরের নির্জন রাস্তায় তার কাছ থেকে কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তাকে কুপিয়ে আহত করা হয়। পরে স্বজন ও স্থানীয়দের ধাওয়ায় এক ছিনতাইকারী আটক হলে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যাণী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মরদাসাদি গ্রামের নজরুল ইসলাম চারজন রোগীকে নিয়ে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন। পথে ৮ থেকে ১০ জনের একটি দল তার গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা তার কাছে থাকা প্রায় ৪ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।
পরে নজরুল ইসলাম স্বজন ও স্থানীয়দের খবর দিলে এলাকাবাসী চারদিক থেকে ধাওয়া দিয়ে মিদুল (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
খবর পেয়ে আড়াইহাজার থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত মিদুলকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ওসি মো. সবজেল হোসেন।