ইউএফটিবি-তে নতুন উপাচার্যের দায়িত্ব গ্রহণ

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোক্তার আলী।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে যোগদানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফ উপস্থিত থেকে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত উপাচার্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে ইউএফটিবি-এর উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণ কালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। পরে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফকে সঙ্গে নিয়ে নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক পরিচিতি সভায় অংশগ্রহণ করেন।

পরিচিতি সভায় বক্তব্যে অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক শিক্ষা ভবিষ্যৎ উচ্চশিক্ষার প্রধান চালিকাশক্তি। তিনি বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গবেষণামুখী ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে সদ্য বিদায়ী উপাচার্য অধ্যাপক ড. মো. আবু ইউসুফ বিদায়ী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করেন এবং নতুন উপাচার্যের নেতৃত্বে ইউএফটিবি আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মো. মোক্তার আলী একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক। তিনি ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স  (বর্তমানে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং) বিভাগ থেকে বিএসসি এবং ১৯৯৫ সালে একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১০ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস থেকে মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি লাভ করেন। ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

উচ্চশিক্ষা, গবেষণা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং একাডেমিক নেতৃত্বে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক ড. মো. মোক্তার আলীর নেতৃত্বে ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা আশা প্রকাশ করেছেন।