নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু 

ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইমাম হোসেন তারেক দেশ রূপান্তরকে বলেন, রাষ্ট্রপক্ষে পেপারবুক (বিচারিক আদালতের রায়সহ যাবতীয় নথি) থেকে পড়ে শোনান সহকারী অ্যাটর্নি জেনারেল রুহানী সিদ্দিকী। আংশিক শুনানি নিয়ে আদালত আগামীকাল বুধবার পর্যন্ত শুনানি মুলতুবি করেছেন।

২০১৯ সালের ২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায়ে ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ডের রায় দেয় ফেনীর বিচারিক আদালত। রায়ের অনুলিপি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ জনের ডেথ রেফারেন্স ২৯ অক্টোবর সুপ্রিম কোর্টে আসে। 

ফেনীর সোনাগাজীতে স্থানীয় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ (পরে বরখাস্ত) সিরাজ উদ দৌলার বিরুদ্ধে একই মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি যৌন নির্যাতনের অভিযোগে থানায় মামলা করলে অধ্যক্ষ ও তার অনুসারীদের রোষানলে পড়েন বলে অভিযোগ উঠে।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ৬ এপ্রিল সকালে মাদ্রাসার সাইক্লোন সেন্টার ভবনের ছাদে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়ার পর ১০ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান নুসরাত। এ ঘটনায় সিরাজসহ ১৬ জনকে আসামি করে অভিযোগপত্র দেয় পিবিআই (পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন)।