ব্রাহ্মণবাড়িয়ায় শিশুকে ধর্ষণের অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। 

গতকাল সোমবার সকালে উপজেলার ধরমন্ডল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ধর্ষণের শিকার ওই শিশু ধরমন্ডল ইউনিয়নের বাসিন্দা। ওই শিশু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক।

শিশুর পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টার দিকে ঘুম থেকে উঠে গ্রামের মক্তবে যেতে ঘর থেকে বের হয় ওই শিশু। পরে পাশের বাড়ির মালেক মিয়ার মেয়েকে মক্তবে যাওয়ার জন্য ডাকতে যায় ওই শিশু। সেসময় কৌশলে ডেকে নিজের কাছে নিয়ে ওই শিশুকে ৫০ টাকার একটি নোট দেয় আহাম্মদ আলী। শিশুকে ফুসলিয়ে গ্রামের একতলা ভবনের পূর্বপাশে কামরাঙ্গা গাছের নিচে নেয় আহাম্মদ আলী। এক পর্যায়ে ওই শিশুকে নিজের ভবনের ছাদের উপরে নিয়ে যায় অভিযুক্ত ব্যক্তি। ঘটনাটি আহাম্মদের ভাতিজি দেখে এবং দৌঁড়ে ওই শিশুর বাসায় গিয়ে পরিবারের সদস্যদের জানান। দাদি ঘটনাস্থলে পৌঁছে নাম ধরে শিশুকে স্বজোরে ডাকাডাকি করে এবং হৈ হুল্লোরসহ চিৎকার চেচামেচি করে। পরে পরিবারের অন্য সদস্যরা আসামির বাড়িতে যান। আহাম্মদ আলী ছাদ থেকে কামরাঙ্গা গাছ দিয়ে শিশুকে নিচে নামিয়ে দেন। সেসময় ওই শিশু কান্না করতে থাকে। জিজ্ঞাসাবাদে আহাম্মদ আলী খারাপ কাজ করেছে বলে শিশুটি জানায়। অভিযুক্ত ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করে। একপর্যায়ে বাড়িতে থেকে পালিয়ে যায় আহাম্মদ। পরে শিশুর পরিবার স্থানীয় চেয়ারম্যানসহ থানা পুলিশকে ঘটনাটি অবগত করে। অসুস্থ হয়ে পড়লে গতকাল শিশুকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুর বাবা বলেন, আহাম্মদ আমার অবুঝ শিশু সন্তানকে ধর্ষণ করেছে। তাকে হত্যা করে লাশ গুমের উদ্দেশ্যে নিজের ভবনের ছাদে নিয়ে যায় আহাম্মদ। আমি এ ঘটনার বিচার চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, ধর্ষণের ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।