উন্নয়ন প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বাড়ানোর প্রবণতা ঠেকাতে প্রকল্পের মেয়াদ ও সংশোধনের সুযোগ সর্বোচ্চ দুইবারে সীমিত রাখার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ এবং সুপারিশ’ শীর্ষক উপস্থাপনায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, সভায় প্রকল্প পরিকল্পনার দুর্বলতা, ভূমি অধিগ্রহণের জটিলতা, অর্থায়নের অনিশ্চয়তা এবং দুর্বল তদারকির কারণে উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এডিপি বাস্তবায়নে ১৮টি প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে আইএমইডি।
আইএমইডির উপস্থাপনায় বলা হয়, এসব চ্যালেঞ্জের মধ্যে একটি হলো বারবার প্রকল্প সংশোধন ও মেয়াদ বৃদ্ধির প্রবণতা। অনেক প্রকল্প একাধিকবার সংশোধন করা হয় এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই বারবার মেয়াদ বাড়ানো হয়। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়, প্রশাসনিক জটিলতা বাড়ে এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহার ব্যাহত হয়। পাশাপাশি প্রকল্পের সময় ও ব্যয় নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়ে।
এ ধরনের সমস্যা সমাধানে প্রকল্প সংশোধন ও মেয়াদ বৃদ্ধির যৌক্তিক সীমা নির্ধারণের সুপারিশ করেছে আইএমইডি। সংস্থাটি বলেছে, সর্বোচ্চ দুইবার প্রকল্প সংশোধন এবং ব্যয় বৃদ্ধি ছাড়া সর্বোচ্চ দুইবার মেয়াদ বৃদ্ধি করা যেতে পারে। একই সঙ্গে বাস্তবসম্মত সময়সূচি ও ঝুঁকি বিশ্লেষণের ভিত্তিতে প্রকল্প প্রণয়ন এবং নিয়মিত পরিবীক্ষণ ও জবাবদিহিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
এছাড়া অন্য চ্যালেঞ্জগুলো হলো- প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষার দুর্বলতা; প্রকল্পের অর্থনৈতিক বিশ্লেষণ ও বাস্তবায়ন-পরবর্তী মূল্যায়নের দুর্বলতা; ভূমি অধিগ্রহণে জটিলতা; অর্থায়ন পরিকল্পনা ও বাজেট সামঞ্জস্যের ঘাটতি; প্রকল্প গ্রহণে দ্বৈততা; প্রকল্প এলাকা নির্বাচনে দুর্বলতা; গুচ্ছ (ক্লাস্টার/আম্ব্রেলা) প্রকল্পে সমন্বয়ের ঘাটতি; উন্নয়ন সহযোগীর অর্থায়ন নিশ্চিত হওয়ার পর ডিপিপি/টিএপিপি প্রণয়নে দীর্ঘসূত্রতা; প্রকল্প প্রণয়নে ক্রয় কৌশল ও ক্রয় পরিকল্পনার দুর্বলতা; প্রকল্প বাস্তবায়ন ও বাস্তবায়ন-উত্তর জনবল ব্যবস্থাপনা; প্রকল্প প্রণয়নে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত বিষয়সমূহের অপর্যাপ্ত অন্তর্ভুক্তি; পরিচালন বাজেটের আওতায় বাস্তবায়নযোগ্য কার্যক্রমকে উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়ন পরিহার; প্রকল্প পরিচালক নিয়োগ ও দায়িত্ব পালনে নীতিমালা অনুসরণের ঘাটতি; প্রকল্প পরিচালনা কমিটির কার্যকারিতায় দুর্বলতা; ফলাফলভিত্তিক পরিকল্পনা ও মূল্যায়ন কাঠামো প্রণয়নে ঘাটতি; প্রকল্প সমাপ্তি প্রতিবেদন প্রণয়ন, মূল্যায়ন ও ফলো-আপ কার্যক্রমে দুর্বলতা এবং প্রকল্প অনুমোদনের তারিখ ও বাস্তবায়ন মেয়াদের মধ্যে অসামঞ্জস্যতা। বৈঠক সুত্র জানায়, সবগুলো চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন সুপারিশ করেছে আইএমইডি।