বিশ্বকাপ ফুটবলকে কি বাণিজ্যিক কোনো প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেওয়া হচ্ছে? ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর একটি নতুন ও নজিরবিহীন বাণিজ্যিক উদ্যোগ বিশ্ব ফুটবলে তোলপাড় ফেলে দিয়েছে। বিশ্বকাপের মতো ঐতিহ্যবাহী টুর্নামেন্টে বেসরকারি পুঁজি ও শেয়ার ছাড়ার যে প্রস্তাব ফিফা এনেছে, ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা তার তীব্র বিরোধিতা করে স্পষ্ট জানিয়ে দিয়েছে—'ফুটবল ফিফার ব্যক্তিগত সম্পত্তি নয় যে তারা তা বিক্রি করে দেবে!'
ফিফার ঘোষণা অনুযায়ী, তারা ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ- এফএফই নামের একটি নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলতে যাচ্ছে, যা মূলত বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের বাণিজ্যিক এবং ইভেন্ট পরিচালনা নিয়ন্ত্রণ করবে।
প্রাথমিক শেয়ার মূল্যায়নে এফএফই-এর মূল্য ধরা হয়েছে ২০ বিলিয়ন ডলার। এই বছরের শেষের দিকে বিশ্বজুড়ে ফুটবল উন্নয়ন ফান্ডে প্রায় ৪.২ বিলিয়ন ডলার সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটি এ থেকে প্রায় ২ কোটি ডলার করে এককালীন অর্থ পেতে পারে, যা তাদের ফুটবল অবকাঠামোতে ব্যয় করা হবে।
বিখ্যাত আমেরিকান আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান-এর সমন্বয়ে হওয়া এই চুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনারের 'থ্রাইভ ইটারনাল' ফান্ডসহ বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের যুক্ত করার আলোচনা চলছে।
'রেড লাইন পার করেছে ফিফা'
ফিফার এই মেগা-বাণিজ্যিক মডেল সামনে আসতেই রুখে দাঁড়িয়েছে উয়েফা। এক বিবৃতিতে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা জানায়:
"ফুটবলের শাসক সংস্থাগুলোর যেসব সীমা কখনোই পার করা উচিত নয়, ফিফা আজ সেই লাল রেখা অতিক্রম করেছে। ফুটবলের আত্মা এবং এর পরিচালনা ব্যবস্থা বেচাকেনার জিনিস হতে পারে না—বিশেষ করে যেখানে আর্থিক স্বচ্ছতার মারাত্মক অভাব রয়েছে। আমরা বা ফিফা—কেউই ফুটবলের একক মালিক নই। ফুটবল ফিফার বিক্রি করার জিনিস নয়।"
উয়েফা সকল জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন, লিগ, ক্লাব, খেলোয়াড় এবং সমর্থকদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছে।
পেছনের রাজনীতি ও ভবিষ্যতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপ টুর্নামেন্টে জিয়ানি ইনফান্তিনোর সাথে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠতা স্পষ্ট দেখা গিয়েছিল। রটনা রয়েছে যে, ২০৩১ সালে ফিফা সভাপতি হিসেবে ইনফান্তিনোর মেয়াদ শেষ হওয়ার পর তিনি এই নতুন প্রাইভেট কোম্পানির ‘কমিশনার’ বা সিইও হিসেবে দায়িত্ব নিতে পারেন।
এর আগে ২০১৮ সালেও সফ্টব্যাংকের সাথে ২৫ বিলিয়ন ডলারের একটি গোপন প্রস্তাব নিয়ে এসে উয়েফা ও ইউরোপীয় ক্লাবগুলোর তীব্র বাধায় পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল ফিফা। এবারও উয়েফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিরপেক্ষ ও অলাভজনক ক্রীড়া সংস্থাকে কর্পোরেট ব্যবসায় পরিণত হতে দেওয়া হবে না।