পাঁচ দফা দাবিতে বুধবার থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট

পাঁচ দফা দাবিতে সারাদেশে বুধবার (২৯ জুলাই) থেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ডেকেছে বাংলাদেশ অ‍্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। মঙ্গলবার (২৮ জুলাই) ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর।

তিনি জানান, পাঁচ দফা দাবিতে আগামীকাল সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

দাবিগুলো হলো- ১.অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন করতে হবে। ২. প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে। ৩. মহামন্য হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি ব্যবস্থা করতে হবে। ৪. লাশবাহী ফ্রিজার ভ্যান এবং লাশবাহী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা দিতে হবে। ৫. ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে।