এডিপি বাস্তবায়নে নতুন সুপারিশ

প্রকল্পের মেয়াদ  দুবারের বেশি বাড়বে না

উন্নয়ন প্রকল্পের বারবার মেয়াদ বৃদ্ধি ও ব্যয় বাড়ানোর প্রবণতা ঠেকাতে প্রকল্পের মেয়াদ ও সংশোধনের সুযোগ সর্বোচ্চ দুইবারে সীমিত রাখার সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে ‘বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ এবং সুপারিশ’ শীর্ষক উপস্থাপনায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় উপস্থিত কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় প্রকল্প পরিকল্পনার দুর্বলতা, ভূমি অধিগ্রহণের জটিলতা, অর্থায়নের অনিশ্চয়তা এবং দুর্বল তদারকির কারণে উন্নয়ন প্রকল্পে সময় ও ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এডিপি বাস্তবায়নে ১৮টি প্রধান চ্যালেঞ্জ তুলে ধরে আইএমইডি।

আইএমইডির উপস্থাপনায় বলা হয় এসব চ্যালেঞ্জের মধ্যে একটি হলো বারবার প্রকল্প সংশোধন ও মেয়াদ বৃদ্ধির প্রবণতা। অনেক প্রকল্প একাধিকবার সংশোধন করা হয় এবং ব্যয় বৃদ্ধি ছাড়াই বারবার মেয়াদ বাড়ানো হয়। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা তৈরি হয়, প্রশাসনিক জটিলতা বাড়ে এবং সরকারি সম্পদের কার্যকর ব্যবহার ব্যাহত হয়। পাশাপাশি প্রকল্পের সময় ও ব্যয় নিয়ন্ত্রণও কঠিন হয়ে পড়ে।