ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার বঙ্গভবনে অফিস করেছেন হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বেলা ১১টায় তিনি বঙ্গ ভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানায়। পরে পিজিআর-এর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির প্রেস উইং গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে।
পরে রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব খান মো. নূরুল আমিন, প্রেস সচিব মো. সরওয়ার আলম ও পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম রাষ্ট্রপতিকে ফুল দিয়ে স্বাগত জানান।
আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি নিজ অফিস কক্ষে বঙ্গ ভবনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন ও মতবিনিময় করেন। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে বঙ্গ ভবনের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন বিভাগের কার্যক্রম এবং অন্য গুরুত্বপূর্ণ স্থাপনা সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রপতি বঙ্গ ভবনে কাজ শুরুর প্রথম দিনে কয়েকটি সারসংক্ষেপ, বাণী ও নথিতে স্বাক্ষর করেন।
পরে রাষ্ট্রপতি বঙ্গ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি ক্রেডেনশিয়াল হল, দরবার হল, তোষাখানা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। নির্ধারিত কর্মসূচি শেষে দুপুরে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বঙ্গ ভবন ত্যাগ করেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।