জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ সেøাগান এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ৩১ দফায় ঘোষিত সেøাগান ছিল ‘সবার আগে বাংলাদেশ’ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংকীর্ণ দলীয়করণের ঊর্ধ্বে রাখার অঙ্গীকার করা হয়েছিল। অথচ বাস্তবে দেশবাসী দেখছে ‘সবার আগে বাংলাদেশ নয়, সবার আগে বিএনপি’। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল বাণিজ্য করতে যাতে সুবিধা হয় এজন্য প্রতিটি প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব হিসেবে দলীয় ব্যক্তি অভিযুক্ত শামসুল আলমকে নিয়োগ দেওয়ার কঠোর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, ইসি একটি অতি সংবেদনশীল ও সাংবিধানিক প্রতিষ্ঠান, যার মূলভিত্তিই হলো শতভাগ নিরপেক্ষতা ও জনগণের আস্থা। কিন্তু অতি সম্প্রতি ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে মো. শামসুল আলমকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে, যিনি বিএনপির একটি কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রতি চরম প্রতারণা।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপি ৩১ দফার ৯ ধারা ভঙ্গ করে জুলাই জাতীয় সনদ নিয়ে তালবাহানা করছে। সাংবিধানিক প্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদল কর্মীদের নিয়োগ দিয়ে সরকার স্থানীয় সরকার নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে। ইতিমধ্যেই জেলা পরিষদ, সিটি করপোরেশন, উন্নয়ন কর্তৃপক্ষ, বিভিন্ন করপোরেশন এবং অন্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক রাশেদুল হককে ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সহধর্মবিষয়ক সম্পাদক এটিএম আবদুল বারী ড্যানীকে অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের চেয়ারম্যান, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে গঠিত বিএনপির সংসদীয় আসন পুনর্বিন্যাস কমিটির সদস্য মো. শামসুল আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব, বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেককে ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান, বিএনপির সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলামকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদকে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুলকে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি (দপ্তর সম্পাদকের দায়িত্বপ্রাপ্ত) মো. কামরুজ্জামানকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব, জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকারকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য শামসুজ্জামানকে (সুরুজ) চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেনকে (সিদ্দিকী) তাঁত বোর্ডের চেয়ারম্যান এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহে দলীয়করণ বন্ধ, রাজনৈতিক বিবেচনায় দেওয়া নিয়োগ বাতিল, নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার দাবিতে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখবে।