পূর্ণাঙ্গ হলো বিএসইসির কমিশন

নতুন কমিশনার হোসেন সাদাত

পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানসহ তিনজন কমিশনার নিয়োগ পেয়েছিলেন চলতি বছর ৪ জুন। তবে পরিপূর্ণ কমিশন গঠনে একজন কমিশনারের নিয়োগ বাকি ছিল, যা গত ২৭ জুন আইসিএসবি সভাপতি হোসেন সাদাতের নিয়োগের ফলে বিএসইসির চেয়ারম্যান ও চার কমিশনার মিলিয়ে পাঁচ সদস্যের কমিশনের সব পদ পূরণ হয়েছে। গতকাল মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বর্তমান কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন মাসুদ খান। এ ছাড়া তানভীর হাবিব রহমান, নাফিজ আল তারিক ও আইনজীবী নাহিদ মাহতাবকে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন করে যুক্ত হলেন হোসেন সাদাত। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) তানভীর শাহরিয়ার গনি বিএসইসিতে অফিস করছেন।

হোসেন সাদাতের প্রজ্ঞাপনে বলা হয়, অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে হোসেন সাদাতকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে হোসেন সাদাত বিএসইসি-নিয়ন্ত্রিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।