কম সময়ে আমদানি হবে জ্বালানি তেল

জ্বালানি তেল আমদানির সময়সীমা হ্রাস ও মহেশখালীতে এফএসআরইউ স্থাপনের অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। তবে সভায় একগুচ্ছ প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

অর্থমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল মঙ্গলবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে ২৩টি এবং শিল্প মন্ত্রণালয় থেকে একটি প্রস্তাব সভায় উত্থাপন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর। উপস্থিত ছিলেন কমিটির সংশ্লিষ্ট মন্ত্রী ও সদস্যরা।

সভায় শিল্প মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের মোট ২৪টি প্রস্তাব আলোচনার জন্য উপস্থাপিত হয়। সভা শেষে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের পাশাপাশি বিপুলসংখ্যক প্রস্তাব প্রত্যাহারের তথ্য জানানো হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সেপ্টেম্বর-ডিসেম্বর সময়ের জন্য বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রক্রিয়া ত্বরান্বিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের সময়সীমা ৪২ দিনের পরিবর্তে ২১ দিন নির্ধারণের প্রস্তাব অনুমোদন পেয়েছে। ফলে অতি জরুরি পণ্যটি আমদানির সময় অর্ধেকে নেমে আসল।

এ ছাড়া কক্সবাজারের মহেশখালীতে এফএসআরইউ স্থাপনের জন্য সিএনইই দাখিলকৃত প্রস্তাবটি সভায় বিধি মোতাবেক জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকরণের অনুমোদন হয়েছে। তবে গতকালকের সভায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির একগুচ্ছ প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের ফলে উদ্ভূত ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এসব প্রস্তাব আনা হয়েছিল।

সভায় এনার্জি মাল্টিনেক্স, টোটাল ট্রেডিং ইন্টারন্যাশনাল, এইচটুও কনস্ট্রাকশনসহ প্রায় ২০টি কোম্পানির ডিজেল আমদানির প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে ইউরিয়া সার আমদানির একটি প্রস্তাবও প্রত্যাহার করা হয়েছে।

তবে গানভোর ইউএসএ এলএলসির সল্প ও দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহের প্রস্তাবটি ‘পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬’ এর ৬৮ ধারা এবং ‘পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫’ এর ৯৯(২) এবং ১০৭(২) বিধি মোতাবেক জিটুজি পদ্ধতিতে প্রক্রিয়াকারণের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি জ্বালানি ও খনিসসম্পদ বিভাগ থেকে উত্থাপন করা হয়।