ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

কাভা মেন্স ভলিবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান পেল বাংলাদেশ। আজ শিরোপা নির্ধারণী লড়াইয়ে কোর্টে নামবে লাল সবুজের প্রতিনিধিরা। মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত টুর্নামেন্টের সেমিফাইনালে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে শিরোপা নির্ধারণী মঞ্চে উঠে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সাময়িক উত্তেজনা তৈরি হলেও রেফারির হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। তবে পুরো ম্যাচে আধিপত্য ছিল বাংলাদেশেরই।

সেমিফাইনালের শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। প্রথম সেটে হরসিত, সুজন ও মাসুদদের দুর্দান্ত নৈপুণ্যে ২৫-২১ পয়েন্টে এগিয়ে যায় দল। দ্বিতীয় সেটেও একই ধারাবাহিকতা ধরে রেখে ২৫-২০ ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উজবেকিস্তান। শুরুর দিকে কিছুটা প্রতিরোধ গড়লেও সময়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের আক্রমণের সামনে তা ভেঙে পড়ে। একের পর এক পয়েন্ট তুলে নিয়ে ২৫-১৯ ব্যবধানে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ নিশ্চিত করে ফাইনালের টিকিট কাটে বাংলাদেশ।

চলতি আসরে এটি বাংলাদেশের পঞ্চম জয়। রাউন্ড রবিন পর্বে পাঁচ ম্যাচের মধ্যে কেবল স্বাগতিক পাকিস্তানের কাছে ৩-০ সেটে হেরেছিল দল। অন্যদিকে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেও উজবেকিস্তানকে ৩-২ সেটে হারিয়েছিল বাংলাদেশ। তবে এবার সেমিফাইনালে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি তারা। এদিকে দিনের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে ৩-০ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক পাকিস্তানও।