ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকার আবহাওয়া আজ সকাল থেকেই এই মেঘলা এই রোদ্দুর। দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের অনেক জায়গায় একই অবস্থা। এর কারণ সাগরে সৃষ্টি হয়েছে গভীর নিম্নচাপ। এ নিম্নচাপ এখন স্থলভাগে উঠে গেছে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশা উপকূলের দিকে চলে যাচ্ছে।

এরপরও এর প্রভাবে আজ থেকে আগামী দুইদিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। সাগরের এ অবস্থার জন্য এরই মধ্যে দেশের চার বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৯ জলাই) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, গভীর নিম্নচাপ এখন স্থলভাগে উঠে এসেছে। এটি ভারতের পশ্চিমবঙ্গ ও ওডিশার দিকে অগ্রসর হতে পারে।

তিনি বলেন, রাজধানীতে আজ মোটামুটি সারাদিন আকাশ মেঘলা থাকতে পারে। একপর্যায়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুপুর ১২টার পরে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে।

রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু স্থানে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। উপকূলীয় এলাকাগুলোয় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।