টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে আরও এক প্রতারণার অভিযোগ তুলে মামলা করলেন এক ব্যবসায়ী। হুগলির আরামবাগের বাসিন্দা ‘সোনম মুভিজ়’-এর কর্ণধার ও ব্যবসায়ী শেখ শাহিদ ইমামের দাবি,তার কাছ থেকে ৬৮ লক্ষ টাকা নিয়ে প্রতারণা, তাকে প্রাণনাশের হুমকি এবং বিশ্বাসভঙ্গ করেছেন অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম।
টালিগঞ্জের চারু মার্কেট থানায় মামলা দায়েরের পর ভারতীয় গণমাধ্যমকে শাহিদ বলেন, আমি ২০২১ সালে সোহমকে টাকা দিয়েছিলাম একটা ছবি তৈরির জন্য। সেই সময় ছবির নাম ছিল ‘মানিকজোড়’। পরে সেই ছবির নাম পরিবর্তন করে রাখা হয় ‘পাকা দেখা’। সেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ব্যবসাও হয়। টাকাও পান সোহম। তখন আমি লাভের অংশ চাইতে গেলে আজ দেব, কাল দেব করে কথা ঘোরাতে থাকেন।
শাহিদ আরও বলেন, ‘এক দিন আমার সঙ্গে সাউথ সিটি মলের বেসমেন্টে সোহমের সহকারী অর্ঘ্য চট্টোপাধ্যায়ের দেখা হয়। তখন আমি ওই টাকা চাইতে গেলে আমাকে প্রাণে মারার হুমকি দেন অর্ঘ্য। বলেন, ‘টাকা চাইতে গেলেন অসুবিধায় পড়বে।’ তখন সোহম বিধায়ক ছিলেন। আমাকে বলা হয়েছিল বিধায়ককে চাপ দিলে আমার অবস্থা খারাপ করে দেবে। পরে আমি সরাসরি সোহমের সঙ্গে কথাও বলেছিলাম। তখন তিনি সটান বলেছিলেন, টাকা দিতে পারবেন না। ‘পাকা দেখা’ ছবির স্যাটেলাইটও স্বত্বও বিক্রি হয়ে গিয়েছে। আমি নিশ্চিত, সেই টাকাও সোহম পেয়েছেন। আমার কাছে তার প্রমাণও রয়েছে।
এই প্রসঙ্গে চেষ্টা করেও অভিনেতার কোনো মন্তব্য পায়নি বলে উল্লেখ করেছে গণমাধ্যমটি। এবারই প্রথম নয়, চলতি বছরের জুন মাসে অভিনেতার নামে এমনই আরও এক অভিযোগ প্রকাশ্যে এসেছিল।