মশাল মিছিলের দুইদিন পর ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলের দুইদিন পর  রাতিন জোমাদ্দার নামে সংগঠনটির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল থেকে মঙ্গলবার (২৮ জুলাই) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের পক্ষে সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র ও জননিরাপত্তা বিপন্ন করার প্ররোচনার অভিযোগে করা মামলার এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তার রাতিন জোমাদ্দার (২৩) উপজেলার উত্তর আমড়াগাছিয়া এলাকার আ. কাদের জোমাদ্দারের ছেলে।

পুলিশ জানায়, ২৫ জুলাই রাত পৌনে ৯টায় উপজেলার উত্তর আমড়াগাছিয়া গ্রামের বেতাগী-মির্জাগঞ্জ উপজেলা সংযোগ সড়কের চালিতাবুনিয়া ব্রিজ এলাকায় নিষিদ্ধ সংগঠনের পক্ষে মশাল মিছিল করা হয়। পরে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের প্রযোজ্য ধারায় মির্জাগঞ্জ থানায় মামলা হয়।

মামলায় অভিযোগের বলা হয়, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সক্রিয় ও গতিশীল করার উদ্দেশ্যে কয়েকজন সেখানে একত্রিত হয়ে ব্যানার ও লিফলেট প্রস্তুত করেন। একই সঙ্গে জনসাধারণকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্র ও প্ররোচনা চালানোর অভিযোগও আনা হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, রাতিন জোমাদ্দারকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।