খাল-লেকের হারানো সৌন্দর্য্য ফিরিয়ে আনা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

খাল ও লেকের হারানো সৌন্দর্য্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, দেশের লেক ও খালগুলোকে অবৈধ দখলমুক্ত করে হারানো সৌন্দর্য ফিরিয়ে আনা এবং দূষণমুক্ত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত বিষয় হিসেবে ঘোষণা করেছে। 

বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান লেক ও মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। 

এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

প্রতিমন্ত্রী কালাচাঁদপুর এলাকায় গুলশান লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। পরে তিনি মহাখালীস্থ রাজউক ইউআরপি ভবন পরিদর্শন করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। 

তিনি রাজউকের সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তাদের জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার নির্দেশ দেন।

আহম্মদ সোহেল মনজুর বলেন, লেক সংস্কার ও উন্নয়নের অংশ হিসেবে প্রাথমিকভাবে গুলশান লেককে ‘পাইলট প্রকল্প’ হিসেবে গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসাবে আগামী ৬ মাসের মধ্যে গুলশান ও বারিধারা এলাকার সকল অবৈধ সুয়্যারেজ সংযোগ বন্ধ করে দেওয়া হবে। গুলশান লেকের এই মডেল সফল হলে পর্যায়ক্রমে উত্তরা, মিরপুরসহ রাজধানীর সকল লেকের উন্নয়ন কাজ শুরু করা হবে। 

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা ও সমন্বিত উদ্যোগ পরিবেশগত উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী দেশের সকল সংস্থাকে একযোগে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিগত সরকারের ভুল পরিকল্পনা ও আইন অমান্যের কারণেই লেকগুলো আজ অব্যবস্থাপনার শিকার। এখন থেকে কঠোরভাবে আইন প্রয়োগের মাধ্যমে লেকগুলোর পরিবেশ ও নাব্যতা ফিরিয়ে আনা হবে।