জন্মের ৪৫ দিনের মধ্যেই জন্মনিবন্ধন করলেই মিলছে উপহার

জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর জন্মনিবন্ধন করালেই বিনামূল্যে সনদ। এর সঙ্গে শুভেচ্ছা উপহার হিসেবে শিশুকে টাওয়াল দেওয়া হচ্ছে। জন্মনিবন্ধনে অভিভাবকদের উৎসাহিত করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন করলে কোনো ফি দিতে হয় না। তবে অনেক অভিভাবক বিষয়টি জানেন না কিংবা নানা কারণে সময়মতো জন্মনিবন্ধন করেন না। এ অবস্থায় সচেতনতা বাড়ানো এবং জন্মের পরপরই শিশুর জন্মনিবন্ধন নিশ্চিত করতে শুভেচ্ছা উপহার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরগঞ্জের সব অভিভাবককে নিজ নিজ শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়।

আঠারবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল আউয়াল বলেন, শিশুর অভিভাবকদের জন্মনিবন্ধনে উৎসাহিত করতে ইউএনও স্যারের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগের ফলে সময়মতো জন্মনিবন্ধনের বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং শিশুরা তাদের প্রাপ্য অধিকার পাবে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান বলেন, এটি শিশুর ভবিষ্যৎ নাগরিক অধিকার নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অভিভাবকদের সময়মতো জন্মনিবন্ধনে উৎসাহিত করতেই আমাদের এই ছোট্ট প্রয়াস।