ভারতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য তারা ‘অধীর আগ্রহে’ অপেক্ষা করছেন এবং অদূর ভবিষ্যতেই এ সফর অনুষ্ঠিত হবে বলে আশা করছেন।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী এ কথা বলেন।
এর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান, ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বিষয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘আমার মনে হয়, ওটা বাংলাদেশের প্রধানমন্ত্রীর একান্ত এখতিয়ার। তবে আমাদের দিক থেকে আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি নিশ্চিত, অদূর ভবিষ্যতে এটি ঘটবে।’
তিনি আরও বলেন, ‘আমরা অত্যন্ত আশাবাদী এবং আমরা সবাই এর জন্য অপেক্ষায় আছি।’
গত ১২ জুন ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে দীনেশ ত্রিবেদী বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তিনি সড়কপথে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত চেকপয়েন্ট অতিক্রম করে ঢাকায় এসে ভারতীয় হাইকমিশনে দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।