অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ও বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার বয়স হয়েছিল ৫৪ বছর। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

তিনি ২৫ জানুয়ারি ১৯৯৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসেবে যোগদান করেন। কর্মজীবনে ফেরদৌসি শাহরিয়ার ব্যাংকক, রোম, ম্যানচেস্টার ও ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি সিঙ্গাপুরে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

ব্যক্তিজীবনে ফেরদৌসি শাহরিয়ার একজন সৎ, নিষ্ঠাবান এবং পরোপকারী মানুষ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন সন্তান এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

রাষ্ট্রদূত ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।