কুমিল্লা

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিখোঁজের একদিন পর আল আমীন (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ জুলাই) উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত আল আমীন উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়ার ছেলে। স্বজনদের অভিযোগ, আল আমীনকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে সিদলাই গ্রামের কয়েকজন ব্যক্তি আল আমীনকে মোবাইল ফোনে চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকায় ডেকে নেন। বিকেল তিনটার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে তাদের সঙ্গে দেখা করতে যান। তবে সন্ধ্যার পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। আজ বুধবার সকালে স্থানীয় লোকজন ছোটধুশিয়া পশ্চিম পাড়া এলাকার একটি নতুন বাড়ির পাশের ডোবায় আল আমীনের লাশ ভাসতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নিহত ব্যক্তির বাবা ও সাবেক ইউপি সদস্য অহিদ মিয়া বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে ডোবায় ফেলে রাখা হয়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ সকালে ডোবা থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।