বাধা পেরিয়ে হবিগঞ্জ গেলেন নাহিদ-হাসনাতরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের বাধা পেরিয়ে হবিগঞ্জে এসেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংগঠনটির সদস্য সচিব আখতার হোসেন, হাসনাতসহ কেন্দ্রীয় নেতারা। তবে বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় ফের বাধার মুখে পড়েন তারা। দীর্ঘ সময় পুলিশের সঙ্গে কথা বলার পরও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের সড়কে আটকে রাখা হয়। একপর্যায়ে নাহিদসহ কেন্দ্রীয় নেতারা সড়কে বসে পড়েন। গতকাল বিকেল সোয়া ৫টার দিকে কামাইছড়া এলাকায় পৌঁছাতেই তাদের পথরোধ করে পুলিশ। সন্ধ্যা পৌনে ৭টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করছিলেন।

এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, হবিগঞ্জে আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল গতকালকের (মঙ্গলবার) হামলার বিরুদ্ধে। প্রথমে আমাদের মৌলভীবাজারে বাধা দিয়েছে। তারপর কয়েক দফায় বালুর ট্রাক-ট্রাক্টর দিয়ে বাধা দিয়েছে। এরপর এখানেও পুলিশ আটকে রেখেছে। পেছনে শত শত ছাত্রদলের সন্ত্রাসী আছে। তিনি বলেন, আমরা বাধা পেরিয়ে হবিগঞ্জ গেলেন নাহিদ-হাসনাতরা বলেছি যেহেতু ১৪৪ ধারা জারি করেছে, আমরা আইনশৃঙ্খলার পরিবেশ সব কিছুকে সহযোগিতা করে শুধু যাব, মামলা করব, আহতদের দেখব, তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা চলে আসব। তারপরও তারা আমাদের ব্যারিকেড দিয়ে রেখেছে। তিনি বলেন, আমরা এখানেই বসে থাকব। আমরা আসছি ঢাকা থেকে হবিগঞ্জে মামলা করব, তারপরেই ঢাকায় যাব।

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এমপি হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা একটি গাড়ি নিয়ে পাঁচজন শুধু হবিগঞ্জে যাব। হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না। আমাকে যদি হবিগঞ্জের মানুষ মারে, তবে আমি ধরে নেব যে, এটি আমার কামাই।’ সরেজমিনে দেখা যায়, কামাইছড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি বাস আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডের সামনে পুলিশ ও এসপিবিএনের দুই শতাধিক সদস্য মোতায়েন ছিলেন। এ সময় হালকা বৃষ্টির মধ্যেও এনসিপির নেতাকর্মীরা সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন সেøাগান দিতে থাকেন।

এদিকে হবিগঞ্জে একই স্থানে পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশের আহ্বান করায় হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার বিকেল ৩টায় স্থানীয় পৌরসভা মাঠে সমাবেশের ঘোষণা দেয় এনসিপি। একই সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলা, পৌর বিএনপি ও হবিগঞ্জ জেলা শাখা ছাত্রদল একই স্থানে পাল্টা প্রতিবাদ সভা ও অবস্থান কর্মসূচি দেয়। দুপক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

অন্যদিকে সারা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। পৌর এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করা হয়েছে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হয়েছেন। অপরদিকে এনসিপি উত্তরাঞ্চলীয় সমন্বয়ক সারজিস আলমসহ নেতারা মৌলভীবাজারে অবস্থান করছেন। জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, বিএনপি নেতাদের বিরুদ্ধে লাগামহীন অশালীন বক্তব্য দেওয়ায় নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে জেলা সদর ও উপজেলা সদরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।

এর আগে হবিগঞ্জে পূর্বঘোষিত সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারে পুলিশের বাধার মুখে পড়ে এনসিপির শীর্ষ নেতাদের গাড়িবহর। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় চা কন্যা ভাস্কর্যের সামনে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর আটকে দেয় পুলিশ। প্রায় এক ঘণ্টা পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে বাগ্বিত-ার পর বহরটি হবিগঞ্জের উদ্দেশে রওনা দেয়। মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মো. ওয়াহিদুজ্জামান রাজু বলেন, নিরাপত্তাজনিত কারণে তাদের আটকে দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা : হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি রাজিব আহমদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টায় বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে মামলাটি জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের মামলাটি করেন। গত মঙ্গলবার রাতে হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় এই মামলা হয়।

চট্টগ্রামে এনসিপি ও বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি : চট্টগ্রাম ব্যুরো জানায়, হবিগঞ্জে কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এনসিপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলে বিএনপিবিরোধী বিভিন্ন সেøাগান দেওয়ায় দলটির নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।