মসজিদের যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে আরসা সদস্য নিহত

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুবৃর্ত্তের গুলিতে মোহাম্মদ জুবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) রাত সাড়ে তিনটার দিকে ৮ নম্বর পশ্চিম ক্যাম্পের ২৯ নম্বর ব্লকে এই ঘটনা ঘটে।

নিহত জুবায়ের ওই ব্লকের বাসিন্দা ও আরাকান সালভেশন আর্মির (আরসা) সদস্য।

স্থানীয়দের বরাতে  আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জানায়, গভীর রাতে আশ্রিত ঘর থেকে বের হয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেন জুবায়ের। এসময় কয়েকজন সন্ত্রাসী তার গতিরোধ করে ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী এমএসএফের হাসপাতালে নেওয়ার পথে মারা যান জুবায়ের।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ সিরাজ আমিন জানান, বেশকিছু দিন ধরে আরসা ও রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছিল। এরই অংশ হিসেবে এমন ঘটনা ঘটতে পারে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন কাজ করছে বলে জানান তিনি।